সুইস প্রেসিডেন্টের মন কাড়ল ভারতের তিন অভিনব চিজ! মোদির উপহারে কোন বিশেষত্ব রয়েছে জানেন?

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের হাতে ভারতের তৈরি তিনটি বিশেষ ও অভিনব আর্টিজানাল চিজ উপহার হিসেবে তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বইয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিজ প্রস্তুতকারক সংস্থা ‘ইলেফথেরিয়া চিজ’-এর হাতে তৈরি এই চিজগুলির নাম ‘গুলমার্গ’, ‘কোনার্ক’ এবং ‘ইয়েওর’। ইউরোপীয় চিজ তৈরির ধ্রুপদী ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হলেও, এগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে ভারতীয় স্বাদের নিজস্ব এক অভিনব বৈশিষ্ট্য। চিজের দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সুইজারল্যান্ডে এই ভারতীয় উপহার দুই দেশের সম্পর্কের পাশাপাশি দেশীয় কারিগরদের মুন্সিয়ানাকেই তুলে ধরেছে।
ফরাসি ব্রি চিজের আদলে তৈরি হার্ট-শেপ ‘গুলমার্গ’ গরুর দুধ দিয়ে প্রস্তুত এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘সুপার গোল্ড’ বিজয়ী। ফরাসি টোম চিজের ছাঁচে তৈরি ‘কোনার্ক’-এর স্বাদে রয়েছে হালকা মাটি ও টক ভাব, যা বিভিন্ন সুস্বাদু খাবারে দারুণ মানানসই। অন্যদিকে, সুইস গ্রুয়ের ধাঁচে দীর্ঘ আট থেকে নয় মাস ধরে জারিত ‘ইয়েওর’ চিজের বাইরের অংশে রয়েছে শুকনো গোলাপের পাপড়ি ও মৌরির ছোঁয়া। এই তিনটি চিজ বর্তমানে দেশ ও বিদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় খাদ্যশিল্পের মুকুটে এক নতুন গৌরবের সংযোজন করেছে।