‘শেষ নিঃশ্বাস পর্যন্ত নন্দীগ্রামের ভোটারই থাকব’, হুমায়ুনের গ্রেপ্তারি নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিন নন্দীগ্রামের নন্দনায়কবাড় বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন শুভেন্দু অধিকারী। ভোটদান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি নন্দীগ্রামের ভোটারই থাকবেন। পাশাপাশি, রেজিনগরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবীরের গ্রেপ্তারি প্রসঙ্গেও নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেন তিনি।
হুমায়ুন কবীরের গ্রেপ্তারির বিষয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী সাফ জানান, আইন সকলের জন্যই সমান। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটকেন্দ্রের নির্দিষ্ট পরিধির মধ্যে ঘোরাফেরা নিষিদ্ধ, যা ওই বিধায়ক লঙ্ঘন করেছেন। তাই আইন অনুযায়ীই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জানান, একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তিনি নিজে সমস্ত নিয়ম মেনে চলছেন এবং নন্দীগ্রামে রেকর্ড ভোটে বিজেপি প্রার্থীর জয়ের বিষয়ে তিনি সম্পূর্ণ আশাবাদী।