গঙ্গার জলচুক্তি নিয়ে বড় চাল বাংলাদেশের! মেয়াদ ফুরোনোর আগেই কোন বিস্ফোরক দাবি উঠল?

১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হতে চলেছে। তবে চুক্তিটি স্রেফ নবীকরণ না করে নতুন সমঝোতার পক্ষে সওয়াল করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। বিশিষ্ট নদী বিশেষজ্ঞ মঞ্জুর এ চৌধুরী এই চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ বলে দাবি করে জানিয়েছেন, তিন দশক আগের এই চুক্তিতে বর্তমান জলবায়ু পরিবর্তন, নদীর স্বাস্থ্য ও পরিবেশগত ভারসাম্যকে গুরুত্ব দেওয়া হয়নি। শুষ্ক মরসুমে সঠিক জলপ্রবাহ বজায় রাখতে দীর্ঘমেয়াদি চুক্তির আগে তিনি ৩ বছরের অন্তর্বর্তী সমঝোতার প্রস্তাব দেন। পাশাপাশি, গঙ্গায় নেপালের নদীগুলির অবদানের কথা মাথায় রেখে ত্রিদেশীয় আলোচনার দাবিও তুলেছেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের প্রাক্তন বিদেশসচিব ফারুক সোবহানের মতে, বিরোধ মেটানোর কার্যকর মধ্যস্থতার অভাব এবং পুরনো প্রতিশ্রুতির পর্যালোচনা ছাড়া এগোন বিপজ্জনক। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরেও আলোচনা শুরু হয়েছে; বিহারের উদ্বেগ নিয়ে জলশক্তি মন্ত্রকের নেতৃত্বে আন্তঃমন্ত্রক স্তরে পর্যালোচনা চলছে বলে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুষ্ক মরসুমের জলভাগ, ‘ইকোলজিক্যাল ফ্লো’ এবং আঞ্চলিক নদী-সহযোগিতার প্রশ্নে ভারত ও বাংলাদেশের এই কূটনৈতিক টানাপড়েন এখন নতুন মোড় নিচ্ছে।