SIR-এ নাম বাদ পড়েছে? ভোটার তালিকায় নাম ফেরানোর নতুন সুযোগ দিল নির্বাচন কমিশন!

ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক ও অনিশ্চয়তার মাঝেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বিশেষ এই প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ফের তালিকায় নাম তোলার সুযোগ দিচ্ছে কমিশন। সাধারণ মানুষের সুবিধার্থে অনলাইন এবং অফলাইন—দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হচ্ছে।
কীভাবে জানাবেন আবেদন?
কমিশনের জানানো নিয়ম অনুযায়ী, অনুপস্থিতি, স্থান পরিবর্তন, প্রয়াণ কিংবা ভুলবশত একই ব্যক্তির একাধিক নাম থাকা—যে কারণেই নাম বাদ গিয়ে থাকুক না কেন, উপযুক্ত নথিসহ আবেদন জানানো যাবে।
- অনলাইন প্রক্রিয়া: আবেদনকারীরা সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট
ceowestbengal.gov.in/sir-এ গিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তার (DEO) অফিশিয়াল ওয়েবসাইট থেকেও আবেদনের সুবিধা রয়েছে। - অফলাইন প্রক্রিয়া: নিজের এলাকার বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে গিয়ে ফর্ম ৬ (Form 6) সংগ্রহ করে জমা দেওয়া যাবে।
- নতুন ভোটারদের সুযোগ: যাঁদের বয়স সম্প্রতি ১৮ বছর পূর্ণ হয়েছে এবং প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁরাও এই একই ফর্ম ৬ ব্যবহার করে আবেদন জানাতে পারবেন।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৈরি হওয়া বড় প্রশ্ন
কমিশনের এই পদক্ষেপে দেশের অন্যান্য প্রান্তের ভোটাররা স্বস্তি পেলেও পশ্চিমবঙ্গে এর কার্যকারিতা নিয়ে বড়সড় সংশয় থেকে যাচ্ছে। রাজ্যে প্রায় ৩০ লক্ষ মানুষের নাম বাদ পড়া সংক্রান্ত আবেদন বর্তমানে ট্রাইব্যুনালে আটকে রয়েছে। ট্রাইব্যুনালে বিচারধীন এই সুবিশাল সংখ্যক আবেদনকারীদের ক্ষেত্রে কমিশনের এই নতুন নির্দেশিকা ঠিক কীভাবে কাজ করবে, সে বিষয়ে নির্দেশিকায় স্পষ্ট কোনো সমাধানের উল্লেখ করা হয়নি। ফলে সেইসব আবেদনকারীদের অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটল না।