‘জনগণের করের টাকা এভাবে নয়ছয় নয়!’ টাকি পুরসভার ২০ কোটির দুর্নীতিতে কড়া হাইকোর্ট, তদন্তে সিআইডি

কলকাতা: টাকি পুরসভায় কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও তছরুপের মামলায় অত্যন্ত কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। দুর্নীতিকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে গোটা মামলার তদন্তভার সিআইডি-র (CID) হাতে তুলে দিয়েছে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। শুনানির সময় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট জানান, “এভাবে জনগণের করের টাকা নয়ছয় করা যায় না।”
উত্তর ২৪ পরগনার টাকি পুরসভার এই বিপুল আর্থিক দুর্নীতির বিষয়টি সামনে এনেছিলেন প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুৎ দাস। অ্যাকাউন্টেন্ট জেনারেলের (AG) অডিট রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি আদালতে জানান, পুরসভায় প্রায় ২০ কোটি টাকার আর্থিক নয়ছয় হয়েছে। অভিযোগ অনুযায়ী, পুরসভার সরকারি অ্যাকাউন্ট থেকে নিয়মবহির্ভূতভাবে টাকা প্রথমে ব্যক্তিগত অ্যাকাউন্টে পাঠানো হতো এবং পরে তা তুলে নেওয়া হতো। এর পাশাপাশি টাকার বিনিময়ে বেআইনিভাবে কর্মী নিয়োগের মারাত্মক অভিযোগও রয়েছে। অডিট রিপোর্টের ভিত্তিতে এই চক্রের সঙ্গে পুরসভার চেয়ারম্যানসহ একাধিক আধিকারিক ও কর্মী জড়িত বলে দাবি করা হয়।
বুধবার মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তবে মামলার সার্বিক গুরুত্ব বিচারে রাজ্য পুলিশের হাতে তদন্ত রাখতে সম্মত হয়নি ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য পুলিশকে অবিলম্বে এই সংক্রান্ত যাবতীয় নথি সিআইডি-র কাছে হস্তান্তর করতে হবে।
আদালত জানিয়েছে, আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিনই সিআইডি-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট মুখবন্ধ খামে হাইকোর্টে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।