উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন! এবার SSC-র মাধ্যমেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বড় ঘোষণা

উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন! এবার SSC-র মাধ্যমেই মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বড় ঘোষণা

কলকাতা: রাজ্যে মাদ্রাসা শিক্ষক নিয়োগের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য আর কোনও পৃথক সার্ভিস কমিশন থাকছে না। মাদ্রাসা সার্ভিস কমিশন (MSC) তুলে দিয়ে সেই পুরো দায়িত্ব দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) হাতে। অর্থাৎ, সাধারণ বিদ্যালয়ের পাশাপাশি এখন থেকে মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়াও পরিচালিত হবে একটিমাত্র কমিশনের অধীনে।

একই ছাতার তলায় নিয়োগ ও সরকারের যুক্তি সরকারি সূত্রে জানানো হয়েছে, দুটি আলাদা কমিশনের বদলে একটিমাত্র কমিশনের আওতায় নিয়োগ প্রক্রিয়া আনা হলে পুরো কাজটি আরও দ্রুত এবং সচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে। অতীতে শিক্ষক নিয়োগ নিয়ে ওঠা নানা অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শিক্ষা দফতরে প্রশাসনিক রদবদল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকার বেশ কিছুদিন ধরেই ধাপে ধাপে পদক্ষেপ করছে। এর আগে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের নিয়ন্ত্রণে থাকা ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইতিমধ্যেই রাজ্য উচ্চশিক্ষা দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সম্প্রতি কলকাতা-সহ রাজ্যজুড়ে চালানো এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। সরকারি যাচাই প্রক্রিয়ায় দেখা গেছে, রাজ্যের ২,৩৯৬টি মাদ্রাসার প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই। এই সমীক্ষার ভিত্তিতেই প্রথম দফায় ২৫২টি অনুমোদনহীন (যার বেশিরভাগই খারিজি মাদ্রাসা) প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিস পাঠানো হয়েছে।

সব মিলিয়ে রাজ্য সরকার একদিকে যেমন শিক্ষক নিয়োগের গতি বাড়াতে কাঠামোগত পরিবর্তন এনেছে, অন্যদিকে বৈধ অনুমোদন ছাড়া চলা প্রতিষ্ঠানগুলির ওপর কড়া নজরদারি শুরু করেছে। এখন দেখার, স্কুল সার্ভিস কমিশনের অধীনে নতুন এই ব্যবস্থা আগামী দিনে কতটা দ্রুত ও সফলভাবে কার্যকর হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *