‘ধৈর্য ধরুন, টাকা সবাই পাবেন’, অন্নপূর্ণার বকেয়া অর্থ নিয়ে উপভোক্তাদের আশ্বস্ত করলেন অগ্নিমিত্রা পাল

‘ধৈর্য ধরুন, টাকা সবাই পাবেন’, অন্নপূর্ণার বকেয়া অর্থ নিয়ে উপভোক্তাদের আশ্বস্ত করলেন অগ্নিমিত্রা পাল

রাজ্যে ‘অন্নপূর্ণা যোজনা’র আর্থিক সহায়তা পৌঁছানো নিয়ে বিভিন্ন স্থানে অসন্তোষ ও বিক্ষোভের চিত্র সামনে আসছে। চলতি বছরের জুন মাস থেকে বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় গত মাসেই দেড় কোটিরও বেশি মহিলা যুক্ত হয়েছেন। তবে আবেদন করা সত্ত্বেও বেশ কিছু যোগ্য উপভোক্তা এখনও টাকা পাননি বলে অভিযোগ উঠছে। এই আবহে উপভোক্তাদের আশ্বস্ত করে ক্ষোভের কারণ ও প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সম্প্রতি নিজ বিধানসভা এলাকার রামবাঁধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিভাবকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। আবেদন জমা দেওয়ার পরও কেন টাকা অ্যাকাউন্টে ঢুকছে না—সেই প্রশ্নে ঘিরে তৈরি হয় অসন্তোষ। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল জানান, যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাঁদের নিকটস্থ ‘সেবা সেতু শিবিরে’ গিয়ে পূরণ করা আবেদনপত্রের নম্বরটি জমা দিয়ে আসতে হবে। তিনি আরও পরিষ্কার জানান, এই মুহূর্তে নতুন করে কোনো আবেদন নেওয়া হচ্ছে না; তবে যাঁরা আগে আবেদন করেছেন এবং যোগ্য, তাঁদের প্রত্যেকেই টাকা পাবেন।

টাকা পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপান। তিনি জানান, বিগত তৃণমূল সরকারের আমলে প্রয়োজনীয় নিয়োগ না হওয়ায় প্রশাসনিক দফতরে চরম কর্মীসংকট তৈরি হয়েছে। ফলে বিশাল সংখ্যক আবেদনকারীর ডাটা এন্ট্রি ও পোর্টালে তথ্য আপলোডের কাজে কিছুটা বাড়তি সময় লাগছে। এই পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সকলকে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভক্ষণে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে একাধিকবার নিশ্চিত করেছেন যে, অক্টোবর মাসের মধ্যেই অন্নপূর্ণা যোজনার সমস্ত যোগ্য প্রাপক তাঁদের বকেয়া অর্থ পেয়ে যাবেন। একজন যোগ্য ব্যক্তিও যাতে বঞ্চনার শিকার না হন, সে বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *