ইস্তফার দাবিতে উত্তাল দেশ! আরও এক রাজ্য সফর হঠাৎ বাতিল করলেন জ্ঞানেশ কুমার, নেপথ্যে কী?

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করেছে বিরোধী দলগুলি। দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ধরনা এবং দেশব্যাপী কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ সফর স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার থেকে দু’দিনের ছত্তিশগড় সফরে যাওয়ার কথা ছিল মুখ্য নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের। তবে কমিশনের তরফে জানানো হয়েছে, অনিবার্য কারণে এই সফর আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।
এর আগে গত মাসের শেষে উত্তরপ্রদেশের মীরাট ও বারাণসী সফরও একইভাবে বাতিল করেছিলেন জ্ঞানেশ কুমার। পরপর দুটি রাজ্য সফর আচমকা স্থগিত হওয়ায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের লাগাতার ইস্তফার দাবি এবং একের পর এক সফর বাতিলের এই ঘটনায় নির্বাচন কমিশনের অন্দরে বড় কোনো পরিকল্পনা চলছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।