বিকাশ ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলা, তীব্র নিন্দা জানিয়ে পাশে দাঁড়ালেন মমতা

কলকাতা: সিপিআই(এম) নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে শহরে। অভিযোগ, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা নাগাদ মুখ ঢাকা ও মোটরবাইকের নম্বর প্লেট আড়াল করা কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে হাজির হয়। দুষ্কৃতীরা বাড়ির জানালার কাচ লক্ষ্য করে মদের বোতল ছোঁড়ে এবং সিসিটিভি ক্যামেরা ভেঙে চুরমার করে দেয়। হামলায় অল্পের জন্য রক্ষা পান বাড়ির এক সহায়িকা। ঘটনার পর দ্রুত আইনি পদক্ষেপ ও তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এই ঘটনার পর প্রবীণ এই আইনজীবীর সঙ্গে কথা বলেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি এই হামলার তীব্র নিন্দা জানান। বারুইপুর, ব্যাঙ্কশাল আদালত, চন্দননগর ও শালবনি আদালতের ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইনজীবীদের ওপর এ ধরনের ধারাবাহিক আক্রমণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির রূপকেই তুলে ধরে।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে রাজনৈতিক ও আইনি লড়াইয়ে বিকাশ ভট্টাচার্যের সঙ্গে তীব্র আদর্শগত বিরোধ থাকলেও শালীনতার সীমা কখনও অতিক্রম করেনি। সংবিধান, বিচারবিভাগ এবং আইনজীবীদের ওপর এই আক্রমণের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে লড়াইয়ের ডাক দেন তিনি।
উল্লেখ্য, সারদা মামলা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি—অসংখ্য মামলায় অতীতে বিকাশ ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত ছিল নিত্যদিনের বিষয়। রাজপথে ও আদালত কক্ষে একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তবে সাম্প্রতিক এই ঘটনার পর রাজনৈতিক মতপার্থক্য পাশে সরিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি প্রকাশ রাজ্য রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় সূচনা করল।