‘নিরাপত্তার জন্য চরম বিপজ্জনক!’ কলকাতা বিমানবন্দরের বাঁকড়া মসজিদ মামলায় গরহাজির কমিটি, শুনানি পিছল হাইকোর্টে

কলকাতা: কলকাতা হাইকোর্টে উঠে এলো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিতর্কিত বাঁকড়া মসজিদ মামলা। বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত এই মসজিদটি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক বলে বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চে স্পষ্টভাবে জানিয়ে দিল কেন্দ্র ও বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এদিনের শুনানিতে মসজিদ কমিটির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় মামলার পরবর্তী শুনানি আগামী ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, ১৯৬১ সালের নোটিস অনুযায়ী ১৯৬২ সালেই রানওয়ে সম্প্রসারণের লক্ষ্যে বাঁকড়া এলাকার এই জমি আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। জমিদাতাদের ক্ষতিপূরণও দেওয়া হয়ে গিয়েছে। ফলে উক্ত জমিতে মসজিদ কমিটির কোনো আইনি অধিকার বজায় নেই। তিনি আরও যুক্তি দেন, উপাসনার অধিকার ব্যক্তি স্বাধীনতার অংশ হলেও জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের চেয়ে তা বড় হতে পারে না।
শুনানিতে সিআইএসএফ (CISF)-এর পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী এক মারাত্মক নিরাপত্তার ঝুঁকির কথা আদালতে তুলে ধরেন। তিনি জানান, এই মসজিদে পৌঁছাতে হলে মূল রানওয়ে অতিক্রম করে যেতে হয়, যা বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নমাজের নাম করে যে কেউ এই সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারে, যা বিমান নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় গলদ তৈরি করছে। এছাড়া রানওয়ে সংলগ্ন এলাকায় পাখি ও শেয়ালের উপদ্রব বাড়ায় নিরাপদে বিমান ওঠানামা করানো কঠিন হয়ে পড়েছে বলে জানানো হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের পেশ করা তথ্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটি নিয়ে ইতিমধ্যে চারটি গোপন রিপোর্ট রয়েছে। গত মে ও জুলাই মাসে এ বিষয়ে মসজিদ কমিটির প্রতিনিধিদের সাথে বৈঠকও করা হয়েছিল। এদিনের শুনানিতে মসজিদ কমিটি ব্যতীত অন্য সমস্ত পক্ষই তাদের বক্তব্য পেশ করেছে। ৯ অক্টোবর মসজিদ কমিটির বক্তব্য শোনার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।