‘জ্ঞানেশ কুমার পদত্যাগ করুন’, পাটনায় রাজভবন অভিযানে ব্যারিকেড ভেঙে আটক তেজস্বী-সহ শীর্ষ বিরোধী নেতারা

প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল পাটনা। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোটের রাজভবন অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজপথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেজস্বী যাদব, আরজেডি সংসদ সদস্য মিসা ভারতী এবং ভিআইপি (VIP) প্রধান মুকেশ সাহানিকে আটক করে পুলিশ।
ভোটার তালিকায় কারচুপি ও লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিতে রওনা হয়েছিলেন বিরোধী জোটের নেতা-কর্মীরা। তবে লোকভবন ও রাজভবনে পৌঁছানোর আগেই একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করে পথ আটকে দেয় বিশাল পুলিশবাহিনী। তৈরি রাখা হয় জলকামানও। ব্যারিকেডের মুখে পড়ে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে তেজস্বী যাদব নিজেই পুলিশের ব্যারিকেডের উপর উঠে পড়েন, যা নিয়ে পুলিশকর্মীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি শুরু হয়।
ঘটনাস্থল থেকে তেজস্বী যাদব অভিযোগ করেন, SIR-এর জেরে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে বারংবার প্রশ্ন তোলা হলেও কোনো সন্তোষজনক উত্তর মেলেনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটার তালিকা সংশোধনে সম্পূর্ণ স্বচ্ছতা আনার দাবি জানান তিনি।
মিছিল চলাকালীন উত্তেজনা আরও বাড়ে যখন মহাজোটের কয়েকজন কর্মী এক এসডিপিও (SDPO)-র গাড়ির উপর উঠে পড়েন। আন্দোলনকারীদের হটাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে আরজেডি নেতাদের অভিযোগ। ধস্তাধস্তির সময় হাতে চোট পান মুকেশ সাহানি। উল্লেখ্য, আগের দিন বুধবারই রাজ্যের ৫৩৪টি ব্লকে ‘জ্ঞানেশ হঠাও, গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনের সলতে পাকানো শুরু করেছিল মহাজোট, যার রেশ গিয়ে পৌঁছাল পাটনার রাজপথে।