একটি ভুলেই চিনের হাতে মার্কিন F-35 যুদ্ধবিমানের অতি গোপন যন্ত্রাংশ?

আমেরিকার অত্যন্ত শক্তিশালী পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমানের অতি সংবেদনশীল যন্ত্রাংশ চিনের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। অস্ট্রেলিয়া থেকে যুদ্ধবিমানটির ককপিট ক্যানোপি ও ওয়েপন-বে ডোর মার্কিন মুলুকে ফেরত পাঠানোর কথা থাকলেও, ভুলবশত সেগুলো হংকংগামী বিমানে পৌঁছে যায়। মূলতঃ বিমানের বিশেষ একটি আস্তরণ বা ‘কোটিং’-এর কারণেই এই ফাইটার জেট রেডারের নজর এড়াতে সক্ষম হয়, যা যুক্তরাষ্ট্রের অত্যন্ত সতর্কতায় গোপন রাখা প্রযুক্তি। এই প্রযুক্তিগত গোপনীয়তা হাতছাড়া হওয়ায় মার্কিন সামরিক পরিবহণ ও নিরাপত্তা ব্যবস্থার বড়সড় গলদ নিয়ে তীব্র জল্পনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
তদন্তে জানা গেছে, শিপমেন্টটি শুরুতে দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান হয়ে সান ফ্রান্সিসকো যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে রুট পরিবর্তন করা হয়। নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে সংবেদনশীল যন্ত্রাংশ এড়িয়ে চলার সতর্কতামূলক ইমেল পাঠানো হলেও, পরিবহণ সংস্থার কর্মীরা সেটি খেয়াল করেননি। ফলে গুরুত্বপূর্ণ এই যন্ত্রাংশগুলো চিনে গিয়ে পৌঁছায় এবং বেইজিং এই সুযোগে সেই বিশ্বমানের প্রযুক্তি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সুযোগ পেয়ে গেছে বলে আন্তর্জাতিক মহলের ধারণা। বর্তমানে এই গাফিলতির পুরো বিষয়টি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।