‘কলা চেপে ধরল, জামা ছিঁড়ল, কামড়েও দিল!’ রাহুল গান্ধীর গাড়ি সামলাতে গিয়ে আক্রান্ত দিল্লি পুলিশের কনস্টেবল

নয়াদিল্লি: রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকায় বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। আন্দোলন সামলাতে গিয়ে এক ক্ষুব্ধ জনতার হাতে নির্মমভাবে আক্রান্ত হলেন কর্তব্যরত এক দিল্লি পুলিশ কর্মী। সংসদ মার্গ থানার কনস্টেবল অঙ্কিত কাসানার অভিযোগ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে আটক করার পর তাঁর গাড়ি নিরাপদে বার করে নেওয়ার সময় ৩০-৩৫ জনের একটি দল তাঁর ওপর চড়াও হয়। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং নখ দিয়ে আঁচড়ানোর পাশাপাশি কামড়েও দেওয়া হয়।
ঘটনার বিবরণ দিয়ে আহত কনস্টেবল জানান, ৭ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাহুল গান্ধীকে আটক করার পর তাঁর গাড়িটিকে নিরাপদে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল। সেই সময় আচমকা বেশ কয়েকজন বিক্ষোভকারী গাড়ির সামনে শুয়ে পড়েন এবং চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলেই ঘিরে ধরে আক্রমণ চালানো হয়। কনস্টেবল কাসানার কথায়, “ওরা আমার কলার ধরে টানে, পোশাকের বোতাম ছিঁড়ে দেয় এবং আমায় আঁচড়ে-কামড়ে জখম করে।”
ঘটনার পর আহত কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় রাম মনোহর লোহিয়া (RML) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই আক্রমণের পর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা সবসময় সাধারণ মানুষের সুরক্ষায় নিয়োজিত থাকি। যত বড় উস্কানিই আসুক না কেন, আমরা আইন হাতে তুলে না নিয়ে সংযত থেকে দায়িত্ব পালন করেছি।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।