পুজোর মুখে ধর্মতলায় পুরসভার সারপ্রাইজ রেড! নামী রেস্তরাঁয় বাসি খাবার মিলতেই তুমুল চাঞ্চল্য

উৎসবের মরশুমে শহরের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং খাবারে ভেজাল রুখতে চরম ‘অ্যাকশন মোডে’ কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ। শুক্রবার নিউ মার্কেট ও ধর্মতলা চত্বরের একাধিক নামী রেস্তরাঁ এবং ফুটপাতের খাবারের দোকানে হঠাৎই অভিযান চালান খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। এই আচমকা পরিদর্শনে বেশ কিছু দোকানে দু’-তিন দিনের বাসি ও পচা খাবার মেলায় তা দ্রুত ফেলে দেওয়া হয়। পাশাপাশি গুণমান পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে খাবারের নমুনা। অভিযানে তড়িঘড়ি বাসি মাছ-মাংস সরিয়ে নিতে বাধ্য হন ব্যবসায়ীরা। একই সঙ্গে তেলে ক্ষতিকর সিন্থেটিক রঙের ব্যবহার যাচাই করতে বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা চালানোর পাশাপাশি বৈধ ফুড লাইসেন্সের মেয়াদও খতিয়ে দেখা হয়।
পুরসভার আধিকারিকরা কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, প্যাকেটের খাবারে উৎপাদনের তারিখ ও মেয়াদের উল্লেখ না থাকলে সংশ্লিষ্ট বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মহালয়া থেকে শুরু করে পুজো জুড়ে শহরের সমস্ত রেস্তরাঁ ও খাবারের দোকানে এই ধারাবাহিক নজরদারি এবং তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।