রাজধানীতে চরম উত্তেজনা! গ্রেফতার খোদ সিজেপি প্রধান অভিজিৎ দিপকেসহ চারশো বিক্ষোভকারী

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী দিল্লি। এসআইআর বিতর্কের জেরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত প্রতিবাদ-বিক্ষোভের আবহে পুলিশ প্রশাসন ব্যাপক ধরপাকড় শুরু করেছে। এখনও পর্যন্ত শহরজুড়ে প্রায় চারশো জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার মতো শীর্ষস্থানীয় নেতারাও পুলিশের হাতে আটক হয়েছেন।
আটককৃত প্রধান নেতাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পৃথক হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে ব্যাপক এই রাজনৈতিক বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেই দিল্লি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জাতীয় রাজধানীর সামগ্রিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে রাজধানীজুড়ে নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।