নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি, আটক দেড় হাজার!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘কক্রোচ জনতা পার্টি’ বা সিজেপি-র (CJP) প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠল রাজধানী দিল্লি। যন্তর মন্তরে এই কর্মসূচির অনুমতি না থাকলেও বিক্ষোভ দেখাতে গিয়ে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি পুলিশ প্রায় ১,৫০০ বিক্ষোভকারীকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের মতো শীর্ষ নেতারা। পাশাপাশি বামপন্থী দল ও আম আদমি পার্টির নেতাকর্মীদেরও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং ফর্ম ৬ সংক্রান্ত সিদ্ধান্তে নিয়ম লঙ্ঘনের দাবি করে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন আগেই নয়াদিল্লির একাধিক এলাকায় ১৬৩ ধারা জারি করে এবং বিক্ষোভের অনুমতি খারিজ করে। এমনকি নিরাপত্তার খাতিরে রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশনে যাতায়াত নিয়ন্ত্রণ বা বন্ধ রাখার আর্জিও জানিয়েছিল পুলিশ। দফায় দফায় চলা এই ধরপাকড় ও উত্তেজনার জেরে গোটা রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা বলয় বজায় রাখা হয়েছে।