ষষ্ঠীর আগেই বাম্পার উপহার! ২০% অতিরিক্ত ডিএ সহ অগ্রিম বেতন পাবেন পুলিশকর্মীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই পুলিশি পরিকাঠামো ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্য পুলিশের ‘এমারজেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম’-এর জন্য নতুন ৪৫০টি গাড়ি এবং ৪৫০টি বাইকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি রাজ্যের পুলিশকর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ও অক্টোবরের অগ্রিম বেতন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণাটি করেন।
এদিন রাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত ও গতিশীল করতেই মূলত এই ৯০০টি পুলিশি গাড়ি ও বাইক মাঠে নামানো হয়। পাশাপাশি, জরুরিকালীন পরিষেবা ‘১১২’ নম্বরটিরও শুভ সূচনা করা হয়। অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া, জরুরি পরিস্থিতিতে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানো এবং সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করাই এই আধুনিক ব্যবস্থার মূল লক্ষ্য।
এদিনের জনসভা থেকেই রাজ্যের পুলিশকর্মীদের বর্ধিত ডিএ এবং অগ্রিম বেতন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাঁর পুলিশকর্মী বন্ধুরা ২০ শতাংশ অতিরিক্ত মহার্ঘ ভাতা সহ অক্টোবর মাসের অগ্রিম বেতন মহাষষ্ঠীর আগেই হাতে পেয়ে যাবেন।
এর আগে সেপ্টেম্বর মাসে ভবানী ভবনে আয়োজিত পুলিশের একটি অনুষ্ঠানেও বর্ধিত ডিএ এবং পুজোর বেতন নিয়ে বড় বার্তা দিয়েছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন যে, কেন্দ্রের সঙ্গে ডিএ-র যে বড় ফারাক রয়েছে, তা রাতারাতি মেটানো সম্ভব না হলেও সরকার সচেষ্ট। অর্থ সচিবকে ইতিমধ্যেই পুজোর আগেই অর্থাৎ অক্টোবর মাসের বেতনের সঙ্গেই ২০ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
অবশেষে মহালয়ার দিন রাজ্যের পুলিশকর্মীদের এই বর্ধিত ডিএ এবং অগ্রিম বেতন নিয়ে আরও একবার জোরালো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে উৎসবের আবহে পুলিশকর্মীদের পরিবারে যে আনন্দের জোয়ার বইবে, তা বলাই বাহুল্য।