রুশ তেল শোধনাগারে হামলা! জেলেনস্কির ওপর ক্ষোভ উগরে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

রুশ তেল শোধনাগারে হামলা! জেলেনস্কির ওপর ক্ষোভ উগরে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প

মার্কিন আপত্তি সত্ত্বেও রাশিয়ার তেল শোধনাগারে লাগাতার ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এই পরিস্থিতিতে কিয়েভের বর্তমান নেতৃত্বের ওপর চরম ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, ইউক্রেনের এখন একজন নতুন প্রেসিডেন্ট প্রয়োজন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প অভিযোগ করেন, তিনি বারবার বারণ করা সত্ত্বেও জেলেনস্কি রুশ তেল শোধনাগারে হামলা বন্ধ করেননি। এর জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় আমেরিকা এবং অন্যান্য দেশগুলোকেও সমস্যার মুখে পড়তে হচ্ছে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট কিয়েভ প্রশাসনের নীতি ও যুদ্ধ পরিচালনার ধরন নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি কড়া সুরে বলেন, ইউক্রেন ইতিমধ্যেই তাদের ভূখণ্ডের ৩০ শতাংশ হারিয়েছে এবং সংঘাতে লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না এবং জেলেনস্কি চাইলে অতীতে বহুবার শান্তির চুক্তি করতে পারতেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তেল শোধনাগারে হামলা না থামালে গোয়েন্দা তথ্য শেয়ার বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। অন্যদিকে, মস্কোর সঙ্গে ওয়াশিংটনের ডিজেল আমদানির চুক্তি নিয়ে আপত্তি জানিয়ে জেলেনস্কিও পুতিনের হাত শক্ত করার অভিযোগ তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *