মোদীর বিরুদ্ধে মহা-হুঁশিয়ারি! সুপ্রিম কোর্টে মমতার নেতৃত্বে বড়সড় বিক্ষোভে নামছে ‘ইন্ডিয়া’ জোট

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে সোমবার দিল্লিতে ফের বড়সড় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ভোটপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং কেন্দ্রের বিরুদ্ধে চাপ বৃদ্ধি করতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী নেতাদের। রাষ্ট্রপতি ভবনে যাওয়া প্রতিনিধিদলের আদলেই এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষস্থানীয় বিরোধী নেতৃত্ব।
এদিকে শনিবার কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল দাবি করেছেন, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবাধ ও সুষ্ঠু ভোটপ্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী শিবির। নির্বাচন সদন অভিযান এবং রাষ্ট্রপতি ভবন স্মারকলিপির পর সুপ্রিম কোর্ট অভিমুখী এই নতুন কর্মসূচি জাতীয় রাজনীতিতে উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে।