আকাশে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৭৪ জীবন রক্ষা, ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত ভারতীয় পাইলট স্মিত মাচ্ছর

ককপিটের ভেতরে সহ-পাইলটের প্রাণঘাতী আক্রমণ প্রতিহত করে ১৭৪ জন যাত্রী ও বিমানকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছর। ওমানি সহ-পাইলট জরুরি কুড়ুল দিয়ে মাথায় বারবার আঘাত করা সত্ত্বেও অদম্য সাহসিকতা দেখিয়ে যাত্রীদের ককপিটে ঢোকার সুযোগ করে দেন তিনি, যার ফলে তেল আভিভ বিমানবন্দরে বিমান আছড়ে ফেলার এক ভয়াবহ পরিকল্পনা ব্যর্থ হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন এই বীর পাইলটকে তাঁর অসামান্য আসামসাহসিকতার স্বীকৃতিস্বরূপ ইজরায়েলের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ফর সিভিয়ান হিরোইজম’-এ ভূষিত করার ঘোষণা করেছে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সরকার।
ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ক্যাপ্টেন মাচ্ছরকে একটি বিশেষ চিঠিতে জেরুজালেমে আমন্ত্রণ জানিয়ে লেখেন, চরম আতঙ্কের মুহূর্তে তাঁর দ্রুত সিদ্ধান্ত ও চরিত্রের দৃঢ়তা এক অসামান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শতবর্ষ আগে ইজরায়েলের শহর মুক্ত করতে জীবন বাজি রাখা বীর ভারতীয় সেনাদের পাশাপাশি স্মিত মাচ্ছরও এখন থেকে সে দেশের ইতিহাসের অমূল্য অংশ হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তিনি। ওমানের ওই সহ-পাইলটের চালোনো তাণ্ডবে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বর্তমানে চিকিৎসা নিচ্ছেন মাচ্ছর। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেই জেরুজালেমে সমগ্র ইজরায়েলি জনগণের পক্ষ থেকে এই ঐতিহাসিক সম্মাননা তুলে দেওয়া হবে।