শরীরজুড়ে ক্ষতের দাগ! আটকের পর আমিরের ভাইজির রহস্যজনক ভিডিও ঘিরে শোরগোল

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অভিনেতা আমির খানের ভাইঝি জায়েন মেরি খান। এই বিক্ষোভে অভিনেতা ইমরান খান-সহ আরও কয়েকজনকে আটক করে মুম্বই পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পর তাঁদের মুক্তি দেওয়া হয়, তবে বাড়ি ফিরে জায়েনের পোস্ট করা একটি সোশাল মিডিয়া ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ও রহস্য দানা বেঁধেছে। কয়েক সেকেণ্ডের ওই ভিডিওয় নিজের হাতে-পায়ের ক্ষতস্থানগুলো প্রকাশ্যে এনেছেন জায়েন, যা ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।
আটক অবস্থায় প্রতিবাদী কণ্ঠ রোধ করতে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি, নাকি ধরপাকড়ের সময় ধস্তাধস্তিতে এই আঘাত লেগেছে—তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। অন্যদিকে, এই বিক্ষোভের জেরে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গাওদেবী থানায় ইমরান খানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। সাধারণ নাগরিক হিসেবে বিক্ষোভে যোগ দেওয়ার কথা বললেও, জায়েনের এই রহস্যজনক ভিডিও এবং পুলিশের কড়া পদক্ষেপ গোটা ঘটনাটিতে এক ভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে।