SIR ইস্যুতে বিরাট মোড়! সুপ্রিম কোর্টে এবার রাহুল গান্ধী, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করছে— এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ‘ইন্ডিয়া’ জোটের ১১ জন শীর্ষ নেতা। তাঁদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে, সৌগত রায়, অখিলেশ যাদব ও তেজস্বী যাদব। মামলাকারীদের প্রধান দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য দুই কমিশনারের মতামত না নিয়ে একা সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে দেশজুড়ে এই প্রক্রিয়া চালুর মূল নথি প্রকাশ, কমিশনের ক্ষমতার আইনি বৈধতা পরীক্ষা এবং ECINET ও ERONET ব্যবস্থার স্বাধীন প্রযুক্তিগত অডিটের জোরালো দাবি জানানো হয়েছে।
বিরোধীদের তরফ থেকে ফর্ম-৬ ও ফর্ম-৭ সংক্রান্ত প্রক্রিয়ায় অনিয়ম, পাঞ্জাবের খসড়া তালিকায় ভোটারের সংখ্যা কমে যাওয়া এবং ইলেকট্রনিক ভোটযন্ত্র বা EVM-এর প্রযুক্তি নিয়েও গম্ভীর প্রশ্ন তোলা হয়েছে। ভোটার তালিকা থেকে অহেতুক কোনও যোগ্য নাগরিকের নাম বাদ গিয়েছে কি না, তা তদন্তের পাশাপাশি অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। মূল বিতর্ক ও অসন্তোষের মাঝেই বাদ পড়া ভোটারদের পুনরায় নাম তোলার সুযোগ দিতে আবারও বুথ লেভেল অফিসারদের (BLO) বাড়ি বাড়ি পাঠাবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন, যেখানে Form 6 পূরণের সুযোগ থাকবে।