ভারতকে হুঁশিয়ারি, অথচ নিজেই রাশিয়া থেকে ডিজেল কিনে সাফাই ট্রাম্পের!

অন্য দেশকে নিষেধাজ্ঞা মানার কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি সম্পন্ন করায় বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভারতের মতো দেশের বিরুদ্ধে শুল্কের হুংকার দিলেও নিজের দেশের বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনের চাপ সামলাতে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে অনেকেই ‘দ্বিচারিতা’ বলে আক্রমণ করেছেন। সমালোচনার মুখে পড়ে ট্রাম্প সাফাই দিয়ে জানিয়েছেন, তিনি মার্কিন জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর কাছে ‘আমেরিকাই সবার আগে’।
এই চুক্তির পর ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি আমদানির প্রসঙ্গ টেনে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশাল মিডিয়ায় তিনি ক্ষোভপ্রকাশ করে জানান, অতীতে ইউরোপ রাশিয়াকে বিপুল অর্থ দিলেও গণমাধ্যম তা এড়িয়ে গেছে। এদিকে চারজন রিপাবলিকানসহ ছয়জন মার্কিন সেনেটর পুতিনকে আর্থিক সহায়তা না দেওয়ার আর্জি জানিয়ে ট্রাম্পকে অবিলম্বে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।