নভেম্বরেই আসছে বিশাল চাকরির সুযোগ! ৯ হাজার নতুন পুলিশ ও ৬৫০ ক্লার্ক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আগামী মাসেই রাজ্য পুলিশে প্রায় ৯,০০০ পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। শুধু তাই নয়, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ‘সি’ বা ক্লার্ক পদে ৬৫০ জনকে নিয়োগেরও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ পুলিশের নবনিযুক্ত অফিসারদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় এই বিরাট সুখবর জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিভিন্ন আইনি জটের কারণে অতীতে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল, সেগুলির জট কাটিয়ে ধাপে ধাপে তা সম্পূর্ণ করা হচ্ছে। এর পাশাপাশি অপেক্ষার অবসান ঘটিয়ে ডিসেম্বরের মধ্যে কলকাতা পুলিশের ৪,০০০ কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এবং জানুয়ারি মাসে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে।
পুরনো নিয়োগ প্রক্রিয়া সফলভাবে শেষ করার পাশাপাশি রাজ্যবাসীর কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন করে শূন্যপদ পূরণে বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৯,০০০ শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নভেম্বরের শেষ সপ্তাহেই প্রকাশ করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া থানায় প্রশাসনিক কাজ সুচারুভাবে পরিচালনার জন্য পিএসসির মাধ্যমে ৬৫০ জন পুলিশ ক্লার্ক নিয়োগের ব্যবস্থাও করা হয়েছে। দীর্ঘদিন ধরে যাঁরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ফল এবং নতুন বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন, এই ঘোষণা তাঁদের জীবনে এক বিরাট স্বস্তি ও নতুন আশার সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে।