অগভীর জলে লুকিয়ে থাকা বিপদ নিমিষে হবে খতম! ভারতীয় নৌসেনার মুকুটে জুড়ল আইএনএস মঙ্গরোল!

সমুদ্রসীমার নিরাপত্তা আরও জোরদার করতে কেরলের কোচি শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত নতুন অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ‘আইএনএস মঙ্গরোল’ আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার বহরে যুক্ত হয়েছে। মাত্র ২.৭ মিটার ড্রাফট বিশিষ্ট এই জলযানটি উপকূলের কাছাকাছি অগভীর জলেও অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করতে সক্ষম। শত্রুপক্ষের ডুবোজাহাজ বা সাবমেরিনের গতিবিধি নিখুঁতভাবে শনাক্ত করে তা ধ্বংস করার পাশাপাশি আকাশপথে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার বিশেষ দক্ষতা রয়েছে এই আধুনিক যুদ্ধজলযানটির।
দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি-সাবমেরিন রকেট লঞ্চার, হালকা টর্পেডো এবং ‘অভয়’ হাল-মাউন্টেড সোনারের মতো অত্যাধুনিক সেন্সরে সজ্জিত এই জলযানটি দেশের সামুদ্রিক প্রতিরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে দিল। চিন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনে নৌসেনার শক্তি বাড়াতে এই ধরনের ছোট যুদ্ধজলযানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহৎ আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে আইএনএস মঙ্গরোলের এই অন্তর্ভুক্তি উপকূলবর্তী এলাকায় ভারতের নজরদারি ও প্রতিরক্ষামূলক ক্ষমতাকে বহুগুণ শক্তিশালী করবে।