পুজোর আগেই মেট্রো যাত্রীদের জন্য জরুরি খবর, বদলে গেল অরেঞ্জ লাইনের ট্রেনের সময়সূচি

উৎসবের মরশুমে কলকাতায় ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা থাকলে জেনে নিন মেট্রোরেলের বড় আপডেট।১৩ অক্টোবর থেকে অরেঞ্জ লাইনে পরিষেবা শুরুর সময় ১ ঘণ্টা পিছিয়ে সকাল ৮টা ৪০ মিনিট করা হয়েছে এবং রাতের শেষ ট্রেন ছাড়ার সময় ৫০ মিনিট এগিয়ে রাত ৮টা ১৮ মিনিট করা হয়েছে। মূলতঃ বেলেঘাটা থেকে আইটি সেন্টার (সল্টলেক সেক্টর ফাইভ) পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য ট্রায়াল রান ও সুরক্ষা সংক্রান্ত পরীক্ষার কাজ চলায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই রুটে সিগন্যালিং ব্যবস্থা ও অন্যান্য প্রযুক্তিগত পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতেই আপাতত সকালে ও রাতে বাণিজ্যিক ট্রেনের সময়সীমা কিছুটা কমানো হয়েছে।সমস্ত সুরক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই সাময়িক নতুন সময়সূচি কার্যকর থাকবে। যাত্রী সুরক্ষাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রুটের সম্প্রসারণ কাজ শেষ করতেই এই পদক্ষেপ বলে স্পষ্ট করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।