ভোটের আগেই বড় রদবদল! বাংলার সহ ৬ রাজ্যে নতুন রাজ্যপাল, নজির গড়লেন প্রাক্তন সাংসদরাই

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার রাতে দেশের ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের অনুমোদন দিয়েছেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালরা নিজ নিজ পদের দায়িত্বভার গ্রহণের দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। তাৎপর্যপূর্ণভাবে, নতুন নিযুক্ত রাজ্যপালদের অধিকাংশই প্রাক্তন সাংসদ। নতুন এই রদবদলে সিকিমের দায়িত্ব পেয়েছেন দুষ্যন্ত গৌতম। ওমপ্রকাশ মাথুরকে সিকিম থেকে সরিয়ে কেরলের রাজ্যপাল করা হয়েছে। অন্যদিকে, কর্ণাটকের রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য সুধা যাদবকে। ওড়িশার রাজ্যপাল হয়েছেন পালামৌয়ের প্রাক্তন সাংসদ ব্রজমোহন রাম এবং উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন মধ্যপ্রদেশের বলাঘাটের প্রাক্তন লোকসভা সাংসদ ধল সিং বিষেন। তামিলনাড়ুর রাজ্যপাল পদে আসীন হলেন রাজেন্দ্র আর্লেকর।
চলতি বছর বাংলায় বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যপাল নিয়োগ ঘিরে তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি। ভোটের মাসদেড়েক আগে আচমকা পদত্যাগ করেন তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর পরিবর্তে নতুন রাজ্যপাল হিসাবে তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আরএন রবির নাম ঘোষণা করা হয়। তবে বাংলার পাশাপাশি অন্যান্য ভোটমুখী ও গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই এই সামগ্রিক রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহল। দায়িত্বপ্রাপ্ত নতুন রাজ্যপালদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দীর্ঘ সংসদীয় কার্যকাল আগামী দিনে রাজ্যগুলির সাংবিধানিক ও প্রশাসনিক কার্য পরিচালনায় বিশেষ প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে।