মোদির আড়াই দশকে চমক! পুজোয় দেড় হাজার বুক স্টলে রাজনৈতিক প্রচারের মাস্টারপ্ল্যান বিজেপির

বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে সামনে রেখে ব্যাপক জনসংযোগের প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন পুজোয় সারা রাজ্যজুড়ে দেড় হাজারের বেশি বুক স্টল করা হবে। প্রতিটি বড় পুজো মণ্ডপের সামনে এই স্টলগুলি থেকে দলীয় আদর্শ, হিন্দুত্ব এবং জাতীয়তাবাদী ভাবধারার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবন ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক দর্শন সম্পর্কিত বই বিক্রি করা হবে।
বুক স্টলের দায়িত্বপ্রাপ্ত বিজেপির রাজ্য সহ-সভাপতি অমিতাভ রায় জানান, পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের হাতে বিনামূল্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও সাফল্যের পুস্তিকা তুলে দেওয়া হবে। জেলাওয়ারি কমপক্ষে একশোটি স্টল করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক দল হিসেবে বিজেপির উত্থান, রামমন্দির আন্দোলনের ইতিহাস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাত্ত্বিক বইয়ের পাশাপাশি সরকারের গত কয়েক মাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ানও এই স্টলগুলির মাধ্যমে তুলে ধরা হবে।