পুজোর মুখেই গ্রেপ্তারির খাঁড়া! ১৫ লক্ষ টাকার প্রতারণা মামলায় ধাক্কা খেলেন টলিউড তারকা সোহম

পুজোর মুখেই গ্রেপ্তারির খাঁড়া! ১৫ লক্ষ টাকার প্রতারণা মামলায় ধাক্কা খেলেন টলিউড তারকা সোহম

সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও কাজ না করার অভিযোগে টলিউড অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর আগাম জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলার শুনানিতে বড়সড় আইনি বিপাকে পড়লেন অভিনেতা। বালুরঘাটের বাসিন্দা তরুণ দাস নামে এক প্রযোজকের অভিযোগ, ২০১৮ সালে সিনেমা তৈরির জন্য বাগুইআটির একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে সোহমের সংস্থাকে ওই টাকা দেওয়া হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবি তৈরি হয়নি এবং টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এর আগে গত জুন মাসেও সোহমের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে ২০২২ সালের একটি ১ কোটি ৫ লক্ষ টাকা আত্মসাতের মামলা দায়ের হয়েছিল। সেখানেও কৌশিক কর্মকার নামে অপর এক ব্যক্তি প্রতারণা ও জালিয়াতির অভিযোগ তোলেন। সমস্ত আইনি প্রক্রিয়া ও প্রাথমিক তদন্ত খতিয়ে দেখে উচ্চ আদালত জামিনের আবেদন নাকচ করায় এখন অভিনেতার গ্রেপ্তারির আশঙ্কা জোরালো হয়েছে। তবে এই মামলায় সোহমের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *