অস্ত্রের বদলে পদ্ম হাতে মা দুর্গা! সোনাঝুরির জঙ্গলে মাদলের তালে জমে উঠেছে আদিবাসীদের নিজস্ব দুর্গোৎসব!

শান্তিনিকেতনের সোনাঝুরির শাল-পিয়ালের জঙ্গলে আয়োজিত হীরালিনী দুর্গোৎসব প্রথাগত জাঁকজমককে পেছনে ফেলে গড়ে তুলেছে এক স্বতন্ত্র ঐতিহ্য। এখানে পুজোর প্রধান আকর্ষণ দেবী প্রতিমা, যা ২০০১ সালে প্রয়াত শিল্পী বাঁধন দাসের ভাবনায় তৈরি। দেবীর দশ হাতে অস্ত্রের পরিবর্তে শোভা পায় দশটি পদ্মফুলের কুঁড়ি, যা বিশ্বশান্তি ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে। বর্তমানে তাঁর ছাত্র আশিস ঘোষের তত্ত্বাবধানে ২৬ বছরে পা দিয়েছে এই পুজো। ঝলমলে আলোকসজ্জা বা মণ্ডপের আড়ম্বরহীন এই উৎসবে প্রকৃতির কোলে শিল্পের অনন্য মেলবন্ধন দেখতে পাওয়া যায়।
চার দিনের এই শারদোৎসব কেবল বাঙালির পুজো নয়, হয়ে ওঠে স্থানীয় আদিবাসী সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনোৎসব। বল্লভপুরডাঙা ও ফুলডাঙা সহ পার্শ্ববর্তী এলাকার সাঁওতাল পরিবারগুলি পুজোর নানা দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। পুজোর আঙিনায় মাদলের দ্রিমি দ্রিমি তালে মিশে যায় আদিবাসীদের বেলবরণ ও দশাই নৃত্য। জঙ্গলঘেরা এই পরিবেশ ও মানুষের সম্মিলিত অংশগ্রহণ সোনাঝুরির হীরালিনী দুর্গোৎসবকে দিয়েছে এক অনন্য মাত্রা।