মৃত্যুঝুঁকি এড়িয়ে অসাধ্য সাধন, গর্ভের সন্তানকে বাঁচিয়ে জটিল সিস্টের অস্ত্রোপচারে সফল শান্তিপুরের চিকিৎসকরা

শরীরে বাসা বেঁধেছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ‘টুইস্টেড ওভারিয়ান সিস্ট’। প্রায় ছ’মাস আগে যখন এই রোগ ধরা পড়ে, তখন ওই যুবতী দু’মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই অবস্থায় অস্ত্রোপচার করা মানেই মা ও গর্ভস্থ সন্তান উভয়ের জন্যই মারাত্মক বিপদ ডেকে আনা। একদিকে যেমন সিস্ট বাদ না দিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল, তেমনই অন্যদিকে অস্ত্রোপচার করলে ভ্রূণের ক্ষতির ঝুঁকিও এড়ানো যাচ্ছিল না। তবে সমস্ত ঝুঁকি মাথায় রেখে অত্যন্ত সাহসিকতার সঙ্গে অপারেশনের সিদ্ধান্ত নেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. পবিত্র ব্যাপারী। তাঁর সফল অস্ত্রোপচারে সিস্ট যেমন বাদ যায়, তেমনই সম্পূর্ণ সুরক্ষিত থাকে গর্ভস্থ সন্তানও।
অস্ত্রোপচারের পর থেকে চিকিৎসকদের কড়া নজরদারিতে ছিলেন ওই প্রসূতি। দীর্ঘ ছ’মাস ধরে নিয়মিত পর্যবেক্ষণ ও সঠিক চিকিৎসার সুবাদে স্বাভাবিকভাবেই পূর্ণতা লাভ করে গর্ভাবস্থা। অবশেষে ন’মাসের মাথায় ডা. পবিত্র ব্যাপারীর তত্ত্বাবধানেই একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। মা ও সদ্যোজাত দুজনেই সম্পূর্ণ সুস্থ থাকায় চরম স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে পরিবারে। চিকিৎসকদের এমন অসাধারণ সাফল্য এবং হাসপাতালের পরিকাঠামোয় এই জটিল চিকিৎসা সফল হওয়ায় ধন্য ধন্য করছে গোটা জেলার চিকিৎসক মহল।