পূজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে শীর্ষ আদালতে চমকপ্রদ খবর!

আজ মহা চতুর্থীতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টে ঝুলে থাকা বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলা নিয়ে এল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পঞ্চদশ পে কমিশনের অধীনে বকেয়া মেটানোর এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল আগামী ২৭শে অক্টোবর ২০২৬ তারিখে। তবে কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, শীর্ষ আদালত দিনক্ষণ এগিয়ে এনে আগামী ১৬ই অক্টোবর, অর্থাৎ দুর্গাপূজার ষষ্ঠীর দিনই শুনানির তারিখ নির্ধারণ করেছে। মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও মাননীয় বিচারপতি চন্দ্রশেখরের নতুন বেঞ্চে মামলাটি ৫৩ নম্বরে তালিকাভুক্ত হয়েছে।
পূর্বে যে স্পেশাল বেঞ্চে শুনাই চলছিল, তার সদস্য বিচারপতি সঞ্জয় ক্যারল সম্প্রতি অবসর নেওয়ায় মামলাটি এই নয়া বেঞ্চে উঠছে। এর আগে বকেয়া মেটানোর প্রক্রিয়া ও কিস্তি নির্ধারণের লক্ষ্যে গঠিত বিশেষ মনিটরিং কমিটিতে ১০ জন কর্মচারী প্রতিনিধিকে সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছিল। কথা ছিল এই প্রতিনিধিরা মনিটরিং কমিটির চেয়ারপার্সনের সাথে বৈঠক করে আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবেন, যার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল শীর্ষ আদালতের। কিন্তু সেই বৈঠকটি এখনো সম্পন্ন না হওয়ায় ষষ্ঠীর দিনে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় এবং গ্রান্ট-ইন-এইডদের নিয়ে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই সাগ্রহে তাকিয়ে আছেন সকল রাজ্য সরকারি কর্মচারী।