সিবিআইয়ের চরম গাফিলতি ধরে রিপোর্ট ফেরত পাঠাল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চরম অস্বস্তিতে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বেলেঘাটা, নারকেলডাঙা, রাজাবাজার ও মানিকতলাসহ সংলগ্ন এলাকার ৫০টিরও বেশি বেআইনি নির্মাণ এবং তার আড়ালে চলা আর্থিক দুর্নীতির প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে গিয়ে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে তারা। প্রশাসনিক প্রোটোকল ও নিয়ম উপেক্ষা করে ডিভিশন বেঞ্চের জন্য মাত্র একটি কপি জমা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। বেঞ্চে দুজন বিচারপতি থাকা সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক কপি জমা না দেওয়ায় সিবিআইয়ের সচেতনতা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করে আদালত।
আদালতের নিয়মমাফিক যথাযথ নথি ও পর্যাপ্ত কপি না থাকায় পেশ করা রিপোর্টটি গ্রহণ না করে সোজাসুজি ফিরিয়ে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রশাসনিক সমস্ত প্রোটোকল মেনে তদন্তকারী সংস্থাকে পুনরায় রিপোর্ট পেশ করতে হবে। গত সেপ্টেম্বরে হাইকোর্টের নির্দেশে এই বেআইনি নির্মাণের আর্থিক দুর্নীতির তদন্তভার হাতে নেয় সিবিআই। এই মামলায় প্রয়োজনীয় সব নিয়ম মেনে আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সময় বিস্তারিত ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।