রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, স্বাস্থ্য প্রকল্পে যুক্ত হলো দেওঘরসহ ৫টি এমস!

রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য স্বাস্থ্যসেবায় বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের (ডব্লিউবিএইচএস) আওতায় এখন থেকে দিল্লির পাশাপাশি কল্যাণী, ভুবনেশ্বর, দেওঘর, গুয়াহাটি ও পটনা—এই পাঁচটি এমসেও মিলবে চিকিৎসার সুযোগ। কলকাতা থেকে দূরবর্তী জেলার বাসিন্দাদের উন্নত চিকিৎসা পৌঁছে দিতেই অর্থ দফতরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নতুন এই নির্দেশে বলা হয়েছে, এমসে চিকিৎসার জন্য কর্মীদের আর আগাম অনুমতির প্রয়োজন হবে না। বহির্বিভাগে চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা বা ভর্তি—সব ক্ষেত্রেই সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট শর্তে মিলবে খরচ ফেরত পাওয়ার সুবিধা। তবে যাতায়াতের জন্য কোনো সফর-ভাতা দেওয়া হবে না এবং নির্দিষ্ট তালিকার বাইরে থাকা রোগের চিকিৎসার খরচ রাজ্য বহন করবে না। সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে।