জাতীয় নির্বাচন কমিশনারকে রক্ষা করতে দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ মোদী-শাহের! রাজপথে বিস্ফোরক বিরোধী জোট

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী নয়াদিল্লি। সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আইসা (AISA) নেত্রী নেহা বোরা এবং বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ এক যৌথ সাংবাদিক বৈঠকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁদের গুরুতর অভিযোগ, একটি নির্দিষ্ট মানুষকে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সাধারণ নাগরিক ও আন্দোলনকারীদের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। নয়তো জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাওয়ার অপরাধে আন্দোলনকারী ছাত্রনেতা থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের মতো বর্ষীয়ান বিরোধী নেতাদের এভাবে আটক করা হত না।
প্রতিবাদ দমন করতে গিয়ে দিল্লি জুড়ে রেল, মেট্রো ও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়। আইসা নেত্রী নেহা বোরা ও ঐশী ঘোষসহ একাধিক তরুণ আন্দোলনকারীকে পুলিশ জোরপূর্বক প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। পাশাপাশি, জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করা সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক শিন্ডে ও সৌরভ দাসকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে আশুতোষ ও সৌরভকে তিহাড় জেলে পাঠানো হয়েছে। একজন নির্বাচন কমিশনারকে রক্ষায় প্রশাসনের এমন কঠোর ও আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে এখন দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।