ষষ্ঠী থেকেই বন্ধ শান্তিনিকেতনের সোনাঝুরি হাট! পর্যটকদের জন্য বড় ধাক্কা

শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। দুর্গাপুজোর মরসুমে পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং সোনাঝুরি জঙ্গলের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার ষষ্ঠী থেকেই সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে বিখ্যাত সোনাঝুরি হাট। বন দফতর, স্থানীয় প্রশাসন এবং হাট কমিটির যৌথ বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে থেকে কবে পর্যন্ত বন্ধ থাকবে হাট?
প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত সোনাঝুরি হাট খোলা থাকলেও শুক্রবার অর্থাৎ ষষ্ঠী থেকে তা সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দিষ্ট নিয়ম মেনেই তা আবার খুলে দেওয়া হবে। হাটের এই বন্ধ থাকা ৬ দিন স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা জঙ্গল সাফাইয়ের বিশেষ কাজে হাত লাগাবেন। তবে পর্যটকরা চাইলে এই ক’দিন সোনাঝুরি জঙ্গলে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘হীরালিনী দুর্গোৎসবে’ অংশ নিতে পারবেন।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো?
প্রশাসনিক আধিকারিকদের মতে, প্রতি বছরই দুর্গাপুজোর সময় শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে পর্যটকদের ঢল নামে। এই সময়ে হস্তশিল্পের হাট খোলা থাকলে উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। বিগত প্রায় ২৬ বছর ধরে সোনাঝুরি জঙ্গলের কাছে হীরালিনী দুর্গোৎসব হয়ে আসছে। পুজো দেখতে আসা দর্শনার্থী এবং হাটের ক্রেতা-পর্যটকদের ভিড় একত্রিত হলে তা বড়সড় বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। সেই কথা মাথায় রেখেই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার এই কড়া পদক্ষেপ।
হাট কমিটির বিশেষ বার্তা
এই বিষয়ে হাট কমিটির অন্যতম সদস্য সুকেশ চক্রবর্তী জানিয়েছেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে সোনাঝুরিতে প্রচুর মানুষের সমাগম হয়। সেই সময় হাট খোলা রাখলে ভিড় সামাল দেওয়া আসাম্ভব হয়ে পড়ে। তাই জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছে প্রশাসনের জোরালো আবেদন, তাঁরা যেন পুজো উপভোগ করেন কিন্তু জঙ্গলের ভেতর কোনও প্লাস্টিক বা জঞ্জাল না ফেলে পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করেন।
শান্তিনিকেতনের ট্যুরিজমে সোনাঝুরি হাট অন্যতম প্রধান আকর্ষণ। সারা বছরই এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে, তবে এবার প্রকৃতি ও পরিবেশের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হলো।