রাহুলই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী? বিজেপি সাংসদের বেফাঁস মন্তব্যের ভিডিও তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়!

রাহুল গান্ধীর সমালোচনা করতে গিয়ে মারাত্মক ভুল করে বসলেন বিজেপি সাংসদ রবি কিষান। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দলের নেতাদের ধাক্কা মারার অভিযোগ তুলে আক্রমণ করতে গিয়ে তিনি বলে ফেলেন, রাহুল গান্ধী নাকি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আয়োজিত এক মিছিলে কংগ্রেস কর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগে সরব হতে গিয়েই এই বিপত্তি ঘটান তারকা সাংসদ। আক্রমণাত্মক সুরে কথা বলতে গিয়ে তিনি দু-দু’বার মন্তব্য করেন, “যখন আপনি প্রধানমন্ত্রী হবেন, তখন দেশকে এইভাবে কত ধাক্কা মারবেন?”
সাংসদের এই মন্তব্যের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ ও হাসাহাসি শুরু করেছেন। নেটিজেনদের একাংশ রসিকতা করে সাংসদকে ‘গোপন কংগ্রেস এজেন্ট’ বলেও অভিহিত করছেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে রাহুল গান্ধী কনুই দিয়ে ধাক্কা মেরেছেন— বিজেপির তোলা এমন গুরুতর অভিযোগ নিয়ে সরব হতে গিয়ে রবি কিষানের এই বেফাঁস মন্তব্য আপাতত গেরুয়া শিবিরকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে।