রাজস্থানে বিরাট নাশকতার ছক বানচাল! জঙ্গলে মিলল সাড়ে ৭ কেজি আরডিএক্স ও বিদেশি পিস্তল

রাজস্থানে বিরাট নাশকতার ছক বানচাল! জঙ্গলে মিলল সাড়ে ৭ কেজি আরডিএক্স ও বিদেশি পিস্তল

রাজস্থানের ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন শ্রীগঙ্গানগর সেক্টরে বিশাল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, আসন্ন উৎসবের মরশুমে দেশের জনবহুল এলাকায় কোনো বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। গত ১২ ও ১৩ অক্টোবর রাতে পাকিস্তানের দিক থেকে আসা তিনটি সন্দেহজনক ড্রোন ভারতীয় সীমানায় প্রবেশ করে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা টের পেয়ে ড্রোনগুলি পালিয়ে গেলেও, জঙ্গলে ফেলে যাওয়া প্যাকেটগুলি থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে সাত কেজি শক্তিশালী আরডিএক্স, ডিটোনেটর, রেডিমেড বোমা, তুরস্কের তৈরি অত্যাধুনিক জিগানা পিস্তল এবং আটশোটিরও বেশি কার্তুজ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় দুই যুবক সীমান্তের কাছে জঙ্গলে কিছু সন্দেহজনক প্যাকেট পড়ে থাকতে দেখে দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও অস্ত্রগুলি বাজেয়াপ্ত করে। দীর্ঘদিন ধরেই পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে ড্রোন মারফত অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চালিয়ে আসছে পাকিস্তানের বিভিন্ন গুপ্তচর সংস্থা। তবে স্থানীয় নাগরিকদের সতর্কবার্তা এবং নিরাপত্তা বাহিনীর সময়মতো পদক্ষেপে বড় ধরনের নাশকতার ছক আপাতত ভেস্তে গেছে। বর্তমানে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *