পুজোর আবহেই স্বাস্থ্য ভবনের মোক্ষম আঘাত, ভুয়ো বিল কাণ্ডে দুই টিপিএ সংস্থাকে সরালো রাজ্য!

পুজোর আবহেই স্বাস্থ্য ভবনের মোক্ষম আঘাত, ভুয়ো বিল কাণ্ডে দুই টিপিএ সংস্থাকে সরালো রাজ্য!

স্বাস্থ্যসাথী প্রকল্পে ভুয়ো বিল ও আর্থিক অনিয়মের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে নজিরবিহীন কঠোর পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য ভবন। রাজ্য সরকারের নতুন ‘আয়ুষ্মান ভারত’ ও ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র দরপত্র প্রক্রিয়া থেকে অনিয়মে জড়িত দুটি থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর বা টিপিএ সংস্থাকে সরাসরি বাদ দেওয়া হয়েছে। বিমার ইমপ্লিমেনটেশন সাপোর্ট এজেন্সি বাছাইয়ের দরপত্রে মোট আটটি সংস্থা অংশ নিলেও অনিয়মের অভিযোগে ‘মেডি অ্যাসিস্ট’ ও ‘ভোলো হেলথ ইনসিওরেন্স’কে বাতিল করা হয়। মূলত হাসপাতালের চিকিৎসা খরচ অনুমোদন ও জালিয়াতি রোখার দায়িত্ব থাকা সত্ত্বেও কিছু টিপিএ সংস্থা ভুয়ো বিল আটকায়নি বলেই সূত্রের খবর।

অভিযোগ উঠেছে, বেশ কিছু নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে সাটগাঁট করে অস্ত্রোপচারের রোগীদের ‘মেডিক্যাল ম্যানেজমেন্ট’ প্যাকেজে ভর্তি দেখিয়ে মোটা অঙ্কের অতিরিক্ত বিল তৈরি করা হচ্ছিল। বর্ধমানের একটি নার্সিংহোমেই এই ধরণের একাধিক গরমিল ও ভুয়ো চিকিৎসার বিল অনুমোদন করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে সরকারি প্রকল্পের নিয়ম লঙ্ঘন ও অনিয়মের কারণে এদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। স্বাস্থ্য ভবনের এই কঠোর ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম’। স্বচ্ছতা ফেরাতে প্রশাসনের এমন কড়া অবস্থান স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি রুখতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *