চারশো বছরের প্রাচীন রীতি! বেলগাছের ডালে দাঁত মাজা থেকে পান্তাভাত ভোগে অবাক করা পুজোর অন্দরমহল

হাওড়ার আন্দুলের দুইল্যা গ্রামের ঐতিহ্যবাহী ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো চলতি বছর ৪২২ বছরে পদার্পণ করেছে। শতবর্ষের এই প্রাচীন পুজোয় আজও বজায় রয়েছে একাধিক অভিনব ও ব্যতিক্রমী লৌকিক আচার। পরিবারের প্রবীণ সদস্যরা জানান, পুজোর কদিন বাড়ির মেয়ের মতো দেবী দুর্গাকে আপ্যায়ন করা হয়। প্রতিদিন সকালে দেবীকে ব্রাশ করার জন্য বেলগাছের ডাল এবং মাটির ভাঁড় ভর্তি জল দেওয়া হয় মুখ ধোয়ার জন্য। এছাড়া সপ্তমী ও অষ্টমীর ভোগে খিচুড়ি ও মাছের পাশাপাশি নবমীতে মাংসের আয়োজন করা হয়।
ঐতিহ্যমণ্ডিত এই পুজোয় জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো দিয়ে উৎসবের সূচনা হয়। বংশপরম্পরায় চলা এই আয়োজনে অষ্টমীর সন্ধিপুজো এবং নবমীতে বলিদান প্রথা আজও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। সবশেষে দশমীর দিন দেবীকে পান্তাভাত খাইয়ে এবং সিঁদুর খেলার মাধ্যমে পরম মমতায় বিদায় জানান পরিবারের সদস্যরা। প্রাচীন এই লৌকিক আচার ও ভক্তির টানেই পুজোর কদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান ভট্টাচার্য বাড়ির এই ঐতিহাসিক দুর্গোৎসবে।