ষষ্ঠীর সকালে ১৬ ঘণ্টা লেট ট্রেনের জের! রেললাইন অবরোধ করে বন্দে ভারত রুখে দিলেন ক্ষুব্ধ যাত্রীরা

ষষ্ঠীর সকালে নজিরবিহীন বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল হুগলির কামারকুণ্ডু স্টেশন। কন্যাকুমারী-কামাক্ষ্যা আপ ডিব্রুগর বিবেক এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে প্রায় ১৬ ঘণ্টা দেরিতে চলায় সাধারণ যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পর ফের সিগনালে আটকে রাখা হয় এবং অপর একটি লাইন দিয়ে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস পাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই পরিস্থিতি দেখেই ক্ষিপ্ত যাত্রীরা রেললাইনে নেমে পড়েন এবং তীব্র বিক্ষোভ শুরু করেন। অবরোধের জেরে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন প্রায় আধ ঘণ্টা ধরে স্টেশনে আটকে থাকে, যার ফলে হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেলপুলিশ ও নিরাপত্তা বাহিনী। যাত্রীদের মূল অভিযোগ ছিল, ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলা ট্রেনকে অগ্রাধিকার না দিয়ে বারবার সিগনালে আটকে রাখা হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। শেষ পর্যন্ত রেলপুলিশের হস্তক্ষেপে এবং দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়, যার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ষষ্ঠীর আনন্দের দিনে এই আকস্মিক রেল অবরোধ ও বন্দে ভারত আটকে পড়ার ঘটনায় স্টেশনে তীব্র চাঞ্চল্য ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।