জঙ্গলমহলে পোস্তর কারবার ধূলিস্যাৎ! ৪০ লক্ষ টাকার সম্পত্তি ফ্রিজ করল পুলিশ

রাজ্যের নির্দেশ মেনে জঙ্গলমহলের পুরুলিয়ায় প্রথমবার মাদক মামলায় অভিযুক্তের প্রায় ৪১ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল জেলা পুলিশ। বৃহস্পতিবার বাঘমুন্ডির কুঁচি সরজামহাতু গ্রামে গিয়ে অভিযুক্তের বাড়ি, জমি, মোটরবাইক এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেন পুলিশ সুপার কুমার শানি রাজ। চলতি বছরের ৮ জুন বাঘমুণ্ডি থানার একটি মামলায় ২৬০ কেজিরও বেশি পোস্তর খড় উদ্ধার হয়েছিল। এনডিপিএস আইনের আওতায় আর্থিক অনুসন্ধানের মাধ্যমে এই কঠোর পদক্ষেপ করা হয়েছে, যার ফলে আইনগতভাবে ওই সম্পত্তির কেনাবেচা বা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ।
পুলিশ সুপার কুমার শানি রাজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্যাগর অজিঙ্কা অনন্ত এবং ঝালদা মহকুমা পুলিশ আধিকারিক গৌরব ঘোষসহ অন্যান্য আধিকারিকেরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের আইনি প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত ওই সম্পত্তির উপর কোনো অধিকার বা লেনদেন করতে পারবে না। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এই পদক্ষেপে জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।