এসআইআরের খপ্পরে বিরোধীরা! বিজয়া কাটতেই দেশজুড়ে বড় চাল খেলেন মোদি-শাহরা?

এসআইআরের খপ্পরে বিরোধীরা! বিজয়া কাটতেই দেশজুড়ে বড় চাল খেলেন মোদি-শাহরা?

দুর্গাপুজো ও দশেরা মিটতেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর ইস্যুতে বিরোধীদের একতরফা প্রচারের পালটা জবাব দিতে দেশজুড়ে সর্বাত্মক প্রচারে নামছে ভারতীয় জনতা পার্টি। বিজয়া দশমীর পরই রাজধানী দিল্লিতে সমস্ত রাজ্যের দলীয় সভাপতিদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে পালটা আন্দোলন ও প্রচার কর্মসূচির চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে কংগ্রেস, বামসহ বিরোধী দলগুলি যখন কোমর বেঁধে মাঠে নেমেছে, ঠিক তখনই পদ্ম শিবিরের এই কৌশলগত পদক্ষেপ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিরোধীদের লাগাতার অপপ্রচার ও প্রতিবাদের মোকাবিলা করতে এবার একেবারে ব্লকস্তর থেকে কোমর বাঁধছে শাসক শিবির। দেশজুড়ে প্রতিটি রাজ্যের ব্লক, জেলা ও শহরাঞ্চলে পৃথক পথসভা এবং মিছিলের পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রদেশের শীর্ষনেতৃত্বের পাশাপাশি এই ব্যাপক প্রচারাভিযানে সরাসরি অংশ নেবেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও। সাধারণ মানুষের কাছে এসআইআর সংক্রান্ত ‘আসল সত্য’ তুলে ধরাই এই সুসংগঠিত রাজনৈতিক অভিযানের মূল লক্ষ্য, যার মাধ্যমে বিরোধীদের কোণঠাসা করার রণকৌশল চূড়ান্ত করতে চলেছে বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *