হাই কোর্টের নির্দেশ খারিজ! পুজোর মুখেই জামিন পেলেন আরজি করের সন্দীপ ঘোষ

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরলের বেঞ্চ বিচারপ্রক্রিয়ার ধীর গতি এবং দীর্ঘ বন্দিদশার কথা বিবেচনা করে এই নির্দেশ দিয়েছে। দু’বছরের বেশি সময় ধরে জেলবন্দি থাকা সন্দীপের আইনজীবী আদালতে জানান যে, মামলার ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে।
সিবিআইয়ের দায়ের করা এই আর্থিক দুর্নীতি মামলায় এর আগে হাই কোর্ট সন্দীপের জামিনের আর্জি খারিজ করেছিল। তবে শীর্ষ আদালতের এই রায়ের ফলে তাঁর জেলমুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে, আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। এই জামিনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে।