চলন্ত সরকারি গাড়িতেই ঘটে গেল বিরাট কাণ্ড, পদস্থ আধিকারিকের ব্যাগ থেকে উধাও হাজার হাজার টাকা!

পরিবহণ দপ্তরের এক মহিলা পদস্থ আধিকারিকের সরকারি গাড়ি থেকে দু’দফায় মোট ৪৭ হাজার ৯৬০ টাকা চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রথমবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ফি মেটানোর সময় তিনি জানতে পারেন যে ব্যাগে রাখা ২৭ হাজার ২৫০ টাকা উধাও হয়ে গেছে। পরবর্তীতে সেপ্টেম্বরে একাধিক বৈঠকে যোগ দেওয়ার সময় গাড়িতে রেখে যাওয়া ব্যাগ থেকে একইভাবে আরও ২০ হাজার ৭১০ টাকা গায়েব হয়। ঘটনাটি ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে।
পরপর দুই দফায় মোটা অঙ্কের টাকা খোয়া যাওয়ার পর ওই মহিলা আধিকারিক তাঁর গাড়ির নতুন চালকের দিকেই সন্দেহের আঙুল তুলেছেন। কারণ বিভিন্ন বৈঠক ও সম্মেলনে যোগ দেওয়ার সময় তাঁর ব্যাগটি সার্বক্ষণিক গাড়ির ভেতরে চালকের নজরদারিতেই থাকত। এই ঘটনায় তিনি পূর্ব কলকাতার আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সত্যতা যাচাইয়ে অভিযুক্ত নতুন চালককে তলব করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছ।