জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সুপ্রিম কোর্টের রায়ে তীব্র ক্ষোভ প্রকাশ অভয়ার বাবার

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেতেই তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত চিকিৎসকের বাবা। শুক্রবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দু’বছরের বেশি সময় ধরে জেলবন্দি থাকলেও ১৪৭ জন সাক্ষীর মধ্যে মাত্র সাতজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। বিচার প্রক্রিয়ার এই ধীরগতির কথা মাথায় রেখেই তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। তবে এই রায়ের পরেই ক্ষোভে ফেটে পড়ে তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা।
জামিনের খবর প্রকাশ্যে আসতেই তদন্তকারী সংস্থার কার্যকারিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নিহত চিকিৎসকের পরিবার। অভয়ার বাবা বলেন, মামলার তদন্ত প্রক্রিয়ায় ধীরগতি এবং দীর্ঘসূত্রতার কারণে বিচার পেতে দেরি হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পরও বিচার সম্পূর্ণ না হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিকে, আদালতের এই নির্দেশের পর সুবিচারের দাবিতে প্রয়োজনে ফের আন্দোলনের পথ বেছে নেওয়ার হুশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ বাবা।