বড় স্বস্তি ভারতের! রাশিয়ার তেল কেনায় আর শুল্ক চাপাবেন না ট্রাম্প, নেপথ্যে কোন ভয়?

আসন্ন মিড-টার্ম নির্বাচনের আগে তীব্র রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে বড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে রাশিয়া নিষেধাজ্ঞা আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান এবং শুল্কের উপরে স্থগিতাদেশ দিয়ে একটি কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।ট্রাম্পের এই ইউ-টার্নের ফলে আপাতত রাশিয়ার থেকে তেল ও গ্যাস আমদানির জন্য ভারতসহ অন্যান্য দেশের উপরে কোনো শাস্তিমূলক বা অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে না যুক্তরাষ্ট্র।
গত কয়েক সপ্তাহ আগে এই আইনটি কার্যকর হওয়ার পর থেকেই ভারতের মতো দেশগুলির জ্বালানি আমদানির ক্ষেত্রে বড় ধরনের শুল্কের খাড়া ঝুলছিল।তবে সম্প্রতি জিনিসপত্রের উচ্চমূল্য, ইরান যুদ্ধ পরিস্থিতি এবং অভ্যন্তরীণ জনরোষের জেরে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। রাজনৈতিক মহলের ধারণা, আগামী ৩ নভেম্বরের মিড-টার্ম নির্বাচন ও দেশের অন্দরে ক্রমবর্ধমান চাপের মুখেই এই রক্ষণাত্মক অবস্থান নিতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।