‘আইনের চোখে সবাই সমান!’ বনগাঁয় সিপিএমের বুকস্টল ঘিরে হাইকোর্টের বড় বার্তা

বনগাঁয় সিপিএমের বুকস্টল নিয়ে আইনি জট তীব্র আকার ধারণ করল। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বনগাঁয় রাস্তার ধারে বা দলের কার্যালয়ের সামনে টেবিল, ছাতা কিংবা কোনও অস্থায়ী কাঠামো তৈরি করে বুকস্টল চালানো যাবে না। আদালতের নির্দেশ, অবিলম্বে এই ধরনের সমস্ত স্টল সরিয়ে নিতে হবে। শুক্রবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে প্রশ্ন তোলেন, অনুমতি না থাকলে কীভাবে এই ধরনের স্টল চলতে পারে? আইনের চোখে সবাই সমান উল্লেখ করে আদালত জানিয়ে দেয়, যথাযথ অনুমতি না থাকলে টেবিল বা ছাতা পেতেও স্টল করা যাবে না।
শুনানিকালে সিপিএমের আইনজীবী দাবি করেন, পূর্ত দফতর এবং হাইওয়ে কর্তৃপক্ষের কাছে ই-মেইলের মাধ্যমে অনুমতি চাওয়া হয়েছিল এবং দলীয় কার্যালয়ের সামনেই এই স্টলটি অবস্থিত। তবে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল নিরাপত্তার প্রসঙ্গ তুলে জানান, সংশ্লিষ্ট এলাকা থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে এই মামলায় যুক্ত সমস্ত পক্ষকে নোটিস পাঠিয়েছে। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।