৩৩ বছর আগে প্রয়াত গুরুর মুখোমুখি মোদি! দিল্লির অনুষ্ঠানে প্রযুক্তি যা ঘটাল, চমকে গেল বিশ্ব

প্রযুক্তির বিস্ময়কর জাদুতে তিন দশক পর আবার জীবন্ত হয়ে উঠলেন আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দ। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলনে’ তাঁর হলোগ্রাম অবতারের সঙ্গে সরাসরি কথোপকথন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলোবট প্রযুক্তির মাধ্যমে তৈরি এই ত্রিমাত্রিক অবয়বটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৃত্রিম কণ্ঠস্বরের সহায়তায় প্রধানমন্ত্রীর সঙ্গে বার্তা আদান-প্রদান করে। ১৯৯৩ সালে তাঁদের প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী নিজের ভবিষ্যতের কর্মযজ্ঞের জন্য আধ্যাত্মিক গুরুর আশীর্বাদ প্রার্থনা করেন।
হলোগ্রাম অবতারের বার্তা এবং আন্তরিক সমর্থনে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কথোপকথনের সময় গুরুর অবতার প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করে বলে, “ভারত আপনার সঙ্গে রয়েছে, নরেন্দ্র।” এছাড়া ১৯৯৩ সালে শিকাগোর বিশ্ব ধর্ম সংসদ সংক্রান্ত স্মৃতি তুলে ধরে মোদিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় হলোবটটি। ত্রিমাত্রিক প্রযুক্তি, পূর্ব-রেকর্ড করা কণ্ঠ ও সঠিক অঙ্গভঙ্গির এই যুগান্তকারী মেলবন্ধন দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এমন অভাবনীয় অভিজ্ঞতার সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিন্ময় মিশনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই মুহূর্তটিকে অতীতে ফিরে যাওয়ার অনুভূতি বলে ব্যক্ত করেন।