ভারতে বাংলাদেশের গোয়েন্দা প্রধান, নেপথ্যে কি শেখ হাসিনার ফেরা নিয়ে বড় কূটনৈতিক চাল?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও প্রত্যর্পণ সংক্রান্ত তীব্র রাজনৈতিক জল্পনার মাঝেই আচমকা দিল্লি সফরে এলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল মহম্মদ সারওয়ার ফরিদ। রবিবার বিকেলে এক পদস্থ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে তিনি ভারতীয় রাজধানীতে পৌঁছান। সূত্রের খবর, দুই দেশের গোয়েন্দা পর্যায়ের শীর্ষ বৈঠকে অংশ নিতেই তাঁর এই সফর। এই হাই-প্রোফাইল বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তন নিয়ে কথা হতে পারে বলে মনে করছে কূটনৈতিক ও ওয়াকিবহাল মহল।
অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যাপর্ণের বিষয়টি দিন দিন অত্যন্ত জটিল রূপ নিচ্ছে। আগামী ডিসেম্বরে যেকোনো মূল্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, হাসিনাকে সাধারণ নাগরিক হিসেবে নয়, বরং আসামি হিসেবেই ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তাঁর বিরুদ্ধে। এই টানাপোড়েনের মধ্যে ভারত শেখ হাসিনার নিরাপত্তার গ্যারান্টি কীভাবে নিশ্চিত করবে কিংবা গোয়েন্দা প্রধানদের গোপন বৈঠক থেকে কোনো কূটনৈতিক সমাধানসূত্র বেরিয়ে আসবে কি না, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।